রিলস চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও নির্মাতাদের কনটেন্ট বা রিলস চুরি ঠেকাতে নতুন একটি টুল উন্মোচন করেছে মেটা। গত সোমবার ‘ফেসবুক কনটেন্ট প্রোটেকশন’ নামের মোবাইলভিত্তিক এই টুল চালু করা হয়। এর মাধ্যমে অন্য কেউ অনুমতি ছাড়া ভিডিও ব্যবহার করলে আসল নির্মাতারা তা সহজে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।


দেশে স্টারলিংকের ব্যবসা শুরু

মেটা জানিয়েছে, এই টুলের মাধ্যমে কোনো ব্যবহারকারী অন্যের তৈরি রিলস নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে মূল নির্মাতার কাছে তাৎক্ষণিক সতর্কবার্তা চলে যাবে। তখন নির্মাতা চাইলে ভিডিওটি ফেসবুক ও ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দিতে পারবেন। এছাড়া ভিডিওটির পারফরম্যান্স পর্যবেক্ষণ করা বা ভিডিওতে নিজের নাম তথা ‘অ্যাট্রিবিউশন লিংক’ যুক্ত করার সুযোগও থাকবে। তবে নির্মাতারা চাইলে ‘অ্যালাউ লিস্ট’-এর মাধ্যমে নির্দিষ্ট অ্যাকাউন্টকে তাদের কনটেন্ট ব্যবহারের অনুমতিও দিতে পারবেন।


মেটা এক বিবৃতিতে জানিয়েছে, প্ল্যাটফর্মে মৌলিক বা আসল নির্মাতাদের সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কপি পেস্ট বা নকল কনটেন্টের ভিড়ে যেন আসল কাজ হারিয়ে না যায়, সেদিকে কঠোর নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় গত জুলাইয়ে জনপ্রিয় নির্মাতাদের ছদ্মবেশ ধারণ করা প্রায় এক কোটি ভুয়া অ্যাকাউন্ট এবং স্প্যাম ছড়ানোর দায়ে আরও ৫ লাখ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন এই সুবিধা পেতে হলে নির্মাতাদের অবশ্যই ফেসবুকে রিলস আপলোড করতে হবে অথবা ইনস্টাগ্রাম থেকে ‘শেয়ার টু ফেসবুক’ অপশন ব্যবহার করতে হবে। বর্তমানে ফেসবুকের ‘কনটেন্ট মনিটাইজেশন’ প্রোগ্রামে যুক্ত এবং নির্দিষ্ট মানদণ্ড মেনে চলা নির্মাতারা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাচ্ছেন। পেশাদার ড্যাশবোর্ড বা ফিডের নোটিফিকেশনের মাধ্যমে নির্মাতারা তাদের যোগ্যতার বিষয়টি জানতে পারবেন।

মেটা আরও জানিয়েছে, ভিডিও ব্লক করা হলে নকল অ্যাকাউন্টের ওপর তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, যাতে কেউ সিস্টেমটির অপব্যবহার করে কাউকে হয়রানি করতে না পারে। তবে কোনো নির্মাতা যদি এই সুবিধার অপব্যবহার করে মিথ্যা রিপোর্ট করেন, তবে তিনি টুলটির অ্যাক্সেস হারাতে পারেন। বর্তমানে টুলটি কেবল মোবাইলে ব্যবহার করা যাচ্ছে। তবে ডেস্কটপ সংস্করণের জন্যও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ।