গ্রুপ চ্যাটিং চালু করেছে চ্যাটজিপিটি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

ওপেনএআই বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটিতে গ্রুপ চ্যাটিং ফিচার চালুর ঘোষণা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চ্যাটজিপিটি ফ্রি, গো, প্লাস ও প্রো সব ধরনের সেবার ব্যবহারকারী এই সুবিধা পাবেন।


নতুনত্ব এনেছে ফেসবুক মেসেঞ্জার

গত সপ্তাহে জাপান, নিউ জিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে সীমিত আকারে ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছিল।


প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, নতুন ফিচারে ব্যবহারকারীরা একটি আলাপ শুরু করে সর্বোচ্চ ২০ জনকে আমন্ত্রণ জানাতে পারবেন। আমন্ত্রিতরা বিদ্যমান অ্যাকাউন্ট দিয়ে বা আমন্ত্রণ লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খুলে যোগ দিতে পারবেন।

গ্রুপের সদস্যরা একসঙ্গে চ্যাটজিপিটিকে প্রম্পট দিতে ও একে অপরের মেসেজে প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে ফিচারটিতে মেমোরি সুবিধা থাকছে না। এর মানে, গ্রুপ চ্যাটিংয়ের কোনো কনটেন্ট সিস্টেমে সংরক্ষণ করা হবে না। এ ছাড়া, গ্রুপের যে কোনো সদস্য অন্য সদস্যকে বের করে দিতে পারবে, তবে গ্রুপ ক্রিয়েটরকে নয়।

এপ্রিল মাসে ওপেনএআই নিজস্ব টেক্সটভিত্তিক সামাজিক মাধ্যম তৈরির কাজ করছে বলে গুঞ্জন শোনা গেলেও সেটি এখনো প্রকাশ পায়নি। কোম্পানিটি এর আগেও সামাজিক মাধ্যমের বিভিন্ন ফিচার নিয়ে কাজ করেছে। গত সেপ্টেম্বর প্রকাশিত ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ শর্ট ভিডিও ফরম্যাটে সরাসরি টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

চ্যাটজিপিটির গ্রুপ চ্যাটিং প্রচলিত মেসেজিং অ্যাপকে প্রতিস্থাপন নাও করতে পারে, তবে, মেটার ইনস্টাগ্রামে যুক্ত করা এআই চ্যাটিং অভিজ্ঞতার মতো একটি নতুন ব্যবহার প্যাটার্ন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।