বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২০ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বর্তমান দামের তুলনায় বিদ্যুতের মূল্য প্রায় ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২০ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে পিডিবি এ প্রস্তাব উপস্থাপন করে।


দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ

গণশুনানিতে পিডিবির পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে সংস্থাটির আর্থিক ঘাটতি প্রায় ৬২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আগামী অর্থবছরে এ ঘাটতি বেড়ে প্রায় ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।


পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে খাতটি বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে মূল্য সমন্বয় প্রয়োজন বলে দাবি করেন তিনি।

তবে পিডিবির এ প্রস্তাবের বিরোধিতা করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন এবং ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতে অনিয়ম ও ব্যবস্থাপনা সংকটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।

গণশুনানিতে অংশ নিয়ে বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। পাশাপাশি শিল্প উৎপাদন ব্যয় বাড়ায় দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে বক্তারা বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনা ও আইনগত কাঠামো পুনর্মূল্যায়নের দাবি জানান। তাদের মতে, মূল্য বৃদ্ধি নয়, বরং খাতের অনিয়ম দূর করাই হওয়া উচিত অগ্রাধিকার।

এর আগে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়ে দুই দিনের গণশুনানির আয়োজন করে বিইআরসি। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে পৃথক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিদ্যুৎ দাম বৃদ্ধি
পিডিবি প্রস্তাব ২০২৬
বাংলাদেশ বিদ্যুৎ খাত