ঝড় তুলেছে জিয়া হকের গান-কবিতা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদিকে নিয়ে কবি জিয়া হকের লেখা সব ক’টি বিপ্লবী গান ও কবিতা ঝড় তুলেছে নেটদুনিয়ায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে কবিতা ও গান মিলিয়ে শত মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাত্র চারদিন আগেও রিলসে সারা বিশ্বে টপ সার্চে এগিয়ে ছিল জিয়া হক।


শাকিব খানের জুটি হানিয়া আমির

কবি জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’ শিল্পী আবু উবাইদার ফেসবুক থেকে মাত্র ২ দিনে সাড়ে ৮ মিলিয়ন ভিউ হয়েছে, যা বর্তমানে ১১ মিলিয়ন অতিক্রম করেছে। ইউটিউব থেকে হয়েছে ৩ মিলিয়নের বেশি ভিউ। গেল শুক্রবার প্রকাশিত ‘কালচারাল হিরো’ সংগীতটির ট্রেলার শিল্পীর ফেসবুকে মাত্র এক দিনে ১ মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউবে এখনও প্রকাশিত হয়নি গানটি।


কবিতা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ প্রকাশের দুই দিনের মধ্যেই ১২ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। বিশেষভাবে বিজয় দিবসে কবিতাটি ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ে। একই সময়ে শিল্পী আবু উবাইদার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত গান ‘হাদি তুই ফিরে আয়’ ৫ মিলিয়নের বেশি ভিউ পেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।

গান ও কবিতাগুলো শুধু ইউটিউবেই নয়, ইনস্টাগ্রাম ও টিকটকেও সমানতালে শেয়ার হচ্ছে, প্রশংসাও পাচ্ছে ব্যাপক। ভিউয়ের পরিসংখ্যানে দেখা যায়, ওসমান গণির অ্যাকাউন্ট থেকে এ পর্যন্ত ৬ মিলিয়নের বেশি এবং মহিউদ্দিন হাসান খানের অ্যাকাউন্ট থেকে ২ মিলিয়ন ভিউ এসেছে।

মজার বিষয়- হাদিকে নিয়ে কবি জিয়া হকের অনেক গান ও কবিতার লাইন এখন স্লোগানে কিংবা দেওয়াল লিখনে স্থান পেয়েছে। শুধু তাই নয়, নেট দুনিয়াতেও বিভিন্ন মানুষের কণ্ঠে শোনা যাচ্ছে এই কথাগুলো।

এদিকে, গবেষক ও চিন্তক আমান আবদুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, ‘হাদি ওমরের অর্ধজাহান মোড়ানো শীতলপাটি! ফররুখের পর এই বাংলাকে পৃথিবীব্যাপী দীর্ঘ ইতিহাসের সভ্যতার সাথে, ইসলামের সাথে এত চমৎকারভাবে, অথেনটিকভাবে সম্পর্কিত করার এমন সুষম উপমা সম্ভবত আর দেখি নাই।’

লেখক ও উপস্থাপক ইকবাল খন্দকার বলেছেন, ‘এটা গান না; হুংকার। আমাদের মহান মুক্তিযুদ্ধকে নিয়ে অসংখ্য কালজয়ী গান তৈরি হলেও এর পর আর কোনো আন্দোলন-সংগ্রামকে নিয়ে উল্লেখ করার মতো গান তৈরি হয়নি। জুলাই বিপ্লবের কথাই ধরা যাক। পুরো বিপ্লব পার করে দেওয়া হলো পুরোনো গান-কবিতা দিয়ে। বিশেষ করে নজরুলের গান-কবিতা। নতুন কোনো সৃষ্টি নেই। থাকলেও সেগুলো মানুষের মন স্পর্শ করেনি, আলোচনায় আসেনি। অতঃপর সামনে এল হাদি প্রসঙ্গ। তিনি গুলিবিদ্ধ হলেন। আর এদিকে তৈরি হয়ে গেল অবিস্মরণীয় এক গান- “হাদি তুই ফিরে আয়”। জিয়া হকের লেখা, আবু উবাইদার গাওয়া। উফ, কী কথা, কী সুর, কী গায়কী! গানের ভেতর রক্ত হিম করা কিংবা রক্তে আগুন লাগানো এমন হুংকার থাকতে পারে, আমার কল্পনায় ছিল না।’

তিনি আরও বলেন, ‘হাদিকে বাঁচিয়ে রাখার জন্য এই একটি গানই যথেষ্ট। যখন কোথাও হাদির নাম উচ্চারিত হবে না, তখনও যদি এই গান বেজে ওঠে; হাদি নতুন করে সামনে এসে দাঁড়াবেন। আর তরুণ প্রজন্ম জানবে- হাসতে হাসতেও জীবন বিলিয়ে দেওয়া যায়।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বহু রাজনীতিবীদ, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী ফেসবুকে ‘হাদির জিন্দাবাদ’ গানটি শেয়ার করেছেন।

এ প্রসঙ্গে কবি জিয়া হকের ভাষ্য, ‘কবিতার বেল নাই- এই কথিত যুগে এমন সাড়া পাওয়া আমার জন্য অকল্পনীয়। কয়েকটি কবিতা ও গান কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। গত এক সপ্তাহে আমার ফেসবুকে কয়েক হাজার মেসেজ এসেছে। কিছু মেসেজ পড়েছি। সীমাহীন আবেগ ও ভালোবাসায় ভরপুর সব মেসেজ। চোখভেজা দরদ আর বুক কাঁপা গলায় ভয়েস দিচ্ছেন শ্রোতারা। যা সত্যিই বিস্ময়কর। এই অমূল্য ভালোবাসা আমাকে আরও লেখালেখি চালিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। “হাদির জিন্দাবাদ”কে মাস্টারপিস বলেছেন অনেক লেখক, কলামিস্ট ও বুদ্ধিজীবী মহল।’

এদিকে শিল্পী আবু উবাইদা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসে তার ইউটিউব থেকে অর্জিত সম্পূর্ণ আয় তিনি হাদির পরিবারের জন্য উপহার হিসেবে প্রদান করবেন।