ফ্রিতে দেখুন প্রীতম-জেফারের ওয়েব ফিল্ম

ছবি : সংগৃহীত
১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম
পয়লা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্ম দেখা যাবে বিনামূল্যে। বিঞ্জ জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনামূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। ভুল ঠিকানায় পাঠানো ফুড ডেলিভারির থেকেই শুরু হয় একটি সম্পর্ক। এমন গল্পে নির্মিত হয়েছে ‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মটি।
প্রথম আলো নিষিদ্ধ চান ৬ শতাধিক আলেম
ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে তুমি আমি শুধু ফিল্মটি। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সেই জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটা এক জোড়া মানুষের প্রেমের গল্প। সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক।’
দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তাঁর কাজের বিষয়ে খুব সিনসিয়ার। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকের ভালো লাগবে।’
তুমি আমি শুধু ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।


