তিন নারীর সঙ্গে আয়ুষ্মানের রোমান্স

ছবি : সংগৃহীত
২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পিএম
বলিউড অভিনেতা-গায়ক আয়ুষ্মান খুরানা বরাবরই ভিন্ন ধাঁচের চরিত্র নিয়ে হাজির হন। রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন—সব চরিত্রেই তাকে দেখা যায় সাবলীল। গত এক দশকে আয়ুষ্মান মানেই এক অনন্য ব্র্যান্ড। ছকভাঙা গল্প আর হাসির মোড়কে সামাজিক বার্তা—এ ফর্মুলাতেই তিনি হয়ে উঠেছেন দর্শকদের চোখের মণি।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সেই লেডি বাইকার
শেষবার আয়ুষ্মান খুরানাকে দেখা গিয়েছিল ফ্যান্টাসি-কমেডি ‘থাম্মা’-তে। এবার তিনি একসঙ্গে রোমান্স করবেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে। এই চার তারকা অভিনীত ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমা মুক্তি পাবে ১৫ মে। সিনেমায় থাকছে হাস্যরস, বিশৃঙ্খলা ও অপ্রত্যাশিত মোড়ের এক মিশ্রণ।
সম্প্রতি অভিনেতা আসন্ন সিনেমায় তার ভূমিকা নিয়ে কথা বলেছেন। আসন্ন কমেডি-রোমান্স সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে আয়ুষ্মান বলেন, ‘আমার কাছে প্রজাপতিকে একজন সৎ এবং নির্মল উদ্দেশ্যের মানুষ বলে মনে হয়েছে। তবুও সে যে ধরনের পরিস্থিতিতে পড়ে তা হাসির উদ্রেক করে—আপাতদৃষ্টিতে মনে হয় এই লোকটি বেশ মজা করছে। তবে ঘটনা তেমনটা নয়।’
মুদাসসার আজিজের পরিচালনায় কমেডি ড্রামাটি বিয়ের পর পরকীয়া ও ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে নির্মিত। এটি প্রযোজনা করেছে টি-সিরিজ ফিল্মস।
রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ২০২২ সালে ‘ডক্টর জি’-তে একসঙ্গে কাজ করলেও সারা ও ওয়ামিকার সঙ্গে আয়ুষ্মান খুরানা এবারই প্রথম অভিনয়।


