বিয়ের পরেও অ্যাকশনে রাশমিকা-সামান্থা-কাজল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

দক্ষিণী সিনেমায় বরাবরই পুরুষ চরিত্রের প্রাধান্যের ভিড়ে নারী চরিত্রগুলো থাকে কিছুটা ম্লান। কালেভদ্রে দু-একটি সিনেমায় দেখা যায় নারীদের শক্তিশালী উপস্থিতি। আর বিবাহিত নায়িকারা তো চলে যান পার্শ্ব চরিত্রে অভিনয়ের দিকে। এখন অভিনেত্রীদের সেই চিরাচরিত চিত্র দ্রুত বদলে যাচ্ছে। আগামীর সিনেপর্দায় দেখা যাবে শীর্ষ নায়িকাদের ধুমধাড়াক্কা অ্যাকশন। নিজেদের নতুনভাবে উপস্থাপনে মত্ত এসব বিবাহিত অভিনেত্রী।


বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত : কাজল

ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা ও সামান্থা রুথ প্রভু তীব্র অ্যাকশনধর্মী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন। তারা প্রমাণ করছেন, বিয়ে একজন অভিনেত্রীর অ্যাকশন ঘরানায় আধিপত্য বিস্তারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে না। মায়াবী চাহনিতে ভয়ংকর অ্যাকশনে এবার পর্দা কাঁপাতে যাচ্ছেন তারা।


ভারতের ন্যাশনাল ক্রেজ রাশমিকা মান্দানার অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ আসছে শিগগির। বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ের পর এটি হতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র। অ্যাকশন সিনেমাটি তার ক্যারিয়ারে একটি নতুন পালক যোগ করছে, কিছুটা বিবর্তনেরও ইঙ্গিত। সিনেমায় রাশমিকা বীরত্ব ও সাহসিকতার সঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই চরিত্রের জন্য তাকে ব্যাংককে ফাইটিং ও স্টান্টে কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছে।

সাম্প্রতিক সময়ের কিউট ‘পুষ্পা গার্ল’ সামান্তা রুথ প্রভু 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'যশোদা'র মতো অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেছেন। বিয়ের পর প্রথম মুক্তি পেতে চলেছে অ্যাকশনধর্মী সিনেমা 'মা ইন্তি বঙ্গারাম'। এটি মুক্তি পাবে ১৫ মে। এই সিনেমায় সামান্থাকে প্রচণ্ড অ্যাকশনে দেখা গেছে। বেশ কিছু কঠিন অ্যাকশন নিজেই স্টান্ট করেছেন। মজার ব্যাপার, ভারতীয় নারীর বৈশিষ্ট্য রেখে অনেক মারামারি দৃশ্য তিনি শাড়ি পরেই করেছেন। চিরাচরিত এক গৃহবধূর চরিত্রে দেখা যাবে, যিনি পারবারিক সম্মান রক্ষার্থে নিজের অতীতের সহিংস চরিত্রে ফিরে যান। পারিবারিক নাটকের সঙ্গে সামান্থা 'কিল বিল'-এর মতো অ্যাকশনধর্মী ছবির মিশ্রণ ঘটিয়েছেন।

বিয়ের পরপরই ২০২৪ সালে কাজল আগরওয়াল পুলিশ থ্রিলার 'সত্যভামা' দিয়ে নিজের ভাবমূর্তির পরিবর্তন আনার চেষ্টা করেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে তাকে নিবিড় প্রশিক্ষণ নিতে হয়। এবার তিনি 'দ্য ইন্ডিয়া স্টোরি'-র মাধ্যমে এই গুরুগম্ভীর ধারা অব্যাহত রেখেছেন, যা অ্যাকশনধর্মী ছবি না হলেও তাকে একজন শক্তিশালী সমাজকর্মীর ভূমিকায় দেখা যাবে।