ইরানে বিক্ষোভের জন্য ট্রাম্পকে দায়ী করলেন খামেনি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পিএম

ইরানের চলমান সহিংস বিক্ষোভের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এমনটাই দাবি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 


আফগানিস্তানে ড্রোন হামলা চালাল পাকিস্তান

খামেনি বক্তব্যে বলেছেন, ইরানি জাতির ওপর যে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপবাদ চাপানো হয়েছে, তার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করি। 


তিনি আরও বলেছেন, সম্প্রতি দেশজুড়ে চলা এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। তিনি এই সহিংসতার জন্য ইরানের দীর্ঘদিনের শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।

খামেনি আরও অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তারা অগ্নিসংযোগ করেছে, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং দেশে বিশৃঙ্খলা ছড়িয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এখন পর্যন্ত ৩ হাজার ৯০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী এবং একই সময়ে ২২ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে ইরানে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হত্যাকাণ্ডের ঘটনা কিছুটা কমেছে এবং বিক্ষোভকারীদের ব্যাপক মৃত্যুদণ্ড কার্যকরের কোনও পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প।