বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরাচ্ছে ভারত

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পিএম

‘নিরাপত্তাজনিত’ কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে ‘সরিয়ে নেওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।


ট্রাম্পকে বাইডেনের আমন্ত্রণ

কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।


এ সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাইকমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হওয়ার কথা।

তবে পাঁচটি কূটনৈতিক মিশন ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে গতকাল খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেশী দেশটির সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। উভয় প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি থাকলেও কারো নাম বলা হয়নি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো কোনো বক্তব্যও দেওয়া হয়নি। বাংলাদেশে থাকা ভারতের পাঁচটি মিশনের মধ্যে রয়েছে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে চারটি সহকারী হাইকমিশন।

হিন্দুস্তান টাইমস বলছে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থাগুলোর একটি। যুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে থাকা পাকিস্তানে বর্তমানে ‘নো চিলড্রেন’ পোস্টিং রাখা হয়েছে, যেখানে শুধু স্বামী বা স্ত্রী কর্মকর্তাদের সঙ্গে থাকার অনুমতি পাচ্ছেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছু ঘটনাপ্রবাহের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া বিক্ষোভের পর উভয় দেশই নয়াদিল্লি ও ঢাকাসহ তাদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। ঢাকায় গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে সহিংস বিক্ষোভও হয়। সর্বশেষ তারকা ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এ নিয়ে শক্ত অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সপ্তাহ তিনেক আগে ভারতের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দিল দেশটির সংবাদমাধ্যম।