ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ৪৩

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন।


ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল গিয়ে নাচ-গান করেন মোদি

স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত জীবিত অবস্থায় ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।


বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ ও ফিলিপাইন কোস্টগার্ড বাহিনীর বাসিলান শাখার বরাতে এসব তথ্য জানা গেছে। খবর এএফপি, আরটি’র।

প্রশাসনসূত্রে জানা গেছে, বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে পার্শ্ববর্তী মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের সেই ফেরিটি; কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।

ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে— তা এখনও জানা যায়নি।

কোস্ট গার্ড ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা জানান, আপাতত তারা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে মনোযোগ দিচ্ছেন।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের মুখপাত্র রোনালিন পেরেজ এএফপিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

উদ্ধার তৎপরতায় গতি আনতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে রোনালিন পেরেজ বলেন, ‘এ মুহূর্তে আমাদের কর্মীসংকট চলছে। উদ্ধার তৎপরতাকে গতিশীল করতে আমরা মিন্দানাও দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে যৌথভাবে তৎপরতা চালাচ্ছি। মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষ এ তৎপরতার সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে।’

এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৩০ জন নিহত হন।