সৌদিতে এরদোয়ান ও যুবরাজ সালমানের রুদ্ধদ্বার বৈঠক

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পিএম

সৌদি আরবের রিয়াদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তারা এ বৈঠকে মিলিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। তবে এরদোয়ান-এমবিএসের রুদ্ধদ্বার বৈঠকের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।


মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ সরকারের প্রশংসা

সৌদি আরবের সরকারি সফরে এরদোয়ানের সঙ্গে তার স্ত্রী, ফার্স্ট লেডি এমিন এরদোয়ান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ও অন্যান্য মন্ত্রীরা রয়েছেন।


বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রাজপরিবারের ইয়েমামে প্রাসাদে মোহাম্মদ বিন সালমান আয়োজিত নৈশভোজে অংশ নেন। আগের দিন এরদোয়ানকে একটি সরকারি অনুষ্ঠানে স্বাগত জানান সালমান। এটি তুর্কি প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের প্রথম ধাপ।

তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে বুধবার কায়রো যাবেন এরদোয়ান। এ সময় তুরস্ক-মিশরের মধ্যে উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা পরিষদের দ্বিতীয় বৈঠকে সহসভাপতিত্ব করবেন তুর্কি প্রেসিডেন্ট।

মিশর সফরকালে এরদোয়ান এবং সিসি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

বুরহানেত্তিন দুরান আরও বলেন, এরদোয়ান তার কায়রো সফরকালে একটি তুর্কি-মিশর ব্যবসায়িক ফোরামে যোগদানের পরিকল্পনাও করেছেন। (সূত্র : আনাদোলু এজেন্সি)