ওমরায় গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পিএম

সৌদি আরবে ওমরা-হজ পালন শেষে সেখানকার বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে সৌদি আরবের আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।


ভারতের মহারাষ্ট্রে গ্রেপ্তার ১৭ বাংলাদেশি

নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনা একই গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০) মারা যান।


এদিকে একই ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুত্ব আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন। নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যার ছেলে ও নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নিহত প্রবাসী গাড়ির ড্রাইভার একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহারুল আলম জানান, মিজান সৌদি প্রবাসী। গত ৩ ফেব্রুয়ারি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ হজে যান। পাঁচ দিন আগে ওমরাহ’র উদ্দেশ্যে তারা সৌদির বাসা থেকে বের হন। ওমরাহ শেষে রোববার রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান। বাংলাদেশ সময় রাত ৩ টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, পাশ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা মিজানসহ ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এছাড়া মিজানের মেঝো মেয়ে ফাইজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে আমরা সব ধরণের সহযোগীতা করব।