মোজতবা খামেনি সুস্থ আছেন : ইরান

ছবি : সংগৃহীত
১৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাশিয়ায় চিকিৎসা নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন মোজতবা খামেনি সুস্থ আছেন, শিগগিরই ভাষণ দেবেন।
ফ্রিতে হজের আমন্ত্রণ জানাল সৌদি আরব
মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সি নেতা মোজতবা খামেনি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এ ছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে চিকিৎসার জন্য মস্কোতে স্থানান্তরিত হয়েছেন। তবে ক্রেমলিন এ ধরনের গণমাধ্যম প্রতিবেদনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
খামেনির বর্তমান পরিস্থিতির বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা সুস্থ আছেন। শিগগিরই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, তিনি (মোজতবা খামেনি) ভালো আছেন। আপনারা ইতোমধ্যে তার ভাষণের কথা শুনেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই তিনি জনসাধারণের উদ্দেশে আরেকটি ভাষণ দেবেন।
এ সময় তিনি মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ বলে উল্লেখ করেন। বাঘাই বলেন, ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং বর্তমানে তাই করছি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে হামলা চালানো হয়। হোয়াইট হাউস ইরানের কথিত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকির কথা উল্লেখ করে এই হামলার যৌক্তিকতা দেখায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে একটি প্রতিশোধমূলক অভিযানের ঘোষণা দেয়। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানো হয়।
যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইরানি নেতা নিহত হন। ১৮ দিনি ধরে চলমান এই যুদ্ধে প্রায় দেড় হাজার ইরানি নিহত হয়েছেন।


