বড়দিনে নিষিদ্ধ আতশবাজি-পটকা-ফানুশ

২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম
বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদ করার লক্ষ্যে সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৫৮ মামলা
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। ওই অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল দিবাগত রাত ১২ টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।


