এ কে খন্দকারের জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার), বীর উত্তম-এর নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের ফিউনারেল প্যারেড আয়োজন করা হয়।


১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম এ কে (আবদুল করিম) খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিমান বাহিনীর একটি ফ্লাই-পাস্টের মাধ্যমে মরহুমের প্রতি বিশেষ সম্মান জানানো হয়। জানাজার আগে মরহুমের পুত্র জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর সেনানী এ কে খন্দকার গতকাল শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

তিনি ছিলেন বীর-উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর উপ-প্রধান কর্মকর্তা, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার কৌশলগত সিদ্ধান্ত ও সাংগঠনিক দক্ষতা স্বাধীনতার সংগ্রামকে আরও শক্তিশালী করে তোলে।