তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশজুড়ে উৎসবের আমেজ

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে দেশজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা-উপজেলা ও প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সর্বত্র তাঁর আগমন ঘিরে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে।
হিমালয়ের ন্যায় অটল ডা. জোবাইদা রহমান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বিলবোর্ড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়, বাসভবন ও গুরুত্বপূর্ণ সড়ক সাজানো হচ্ছে। বিএনপি নেতারা জানান, প্রিয় নেতাকে স্বাগত জানাতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে, তারেক রহমানের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও মাজারে দোয়া ও বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন নানা বয়স ও শ্রেণিপেশার মানুষ। রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাধারণ মানুষের মধ্যে তাঁকে ঘিরে আবেগ ও প্রত্যাশা স্পষ্ট।
দীর্ঘদিন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানের পর আগামীকাল (২৫ ডিসেম্বর) তারেক রহমানের দেশে ফেরার খবর বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাদের মতে, এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে যে আবহ তৈরি হয়েছে, তা আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ছাত্রনেতা হাবিবুর রশিদ সন্ধান সরকার, এম রাকিবুল হাসান পলাশ, সামস ইসলাম সাগর ও এসএম ফারহান লাবিবের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। প্রায় দেড় যুগ পর বগুড়ার কৃতিসন্তান তারেক রহমানকে কাছ থেকে দেখার প্রত্যাশায় বগুড়াবাসীর আবেগ ও উচ্ছ্বাস বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে।
বগুড়া জেলার উন্নয়নে তারেক রহমানের অবদান স্মরণ করে নেতাকর্মীরা জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে বগুড়ার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আধুনিক নগর সুবিধার অনেক কিছুই তাঁর সময়েই বগুড়ায় বাস্তবায়িত হয়।
বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
নির্বাচনী এলাকায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর এবং ছাত্রনেতা এসএম ফারহান লাবিব দিনভর গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা এই প্রতিবেদককে জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে হাজার হাজার নেতাকর্মী ঢাকামুখী হচ্ছেন। এই যাত্রা ২৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে।


