৮ কোটি টাকার সম্পদ ইশরাকের

০৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পিএম
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা। নির্বাচন কমিশনে দাখিল করা তার নির্বাচনি হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট : আসিফ মাহমুদ
তিনি ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। ইশরাক হোসেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হলেও সংসদ নির্বাচনে এটিই তার প্রথম অংশগ্রহণ।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, ৩৮ বছর বয়সী ইশরাক হোসেন নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি (স্নাতকোত্তর)। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে জুলাই অভ্যুত্থানের আগে তার বিরুদ্ধে মোট ২১টি মামলা ছিল। অভ্যুত্থানের পর এসব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
ইশরাক হোসেনের বার্ষিক আয়ের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা। এর মধ্যে চাকরি থেকে আয় ৬২ লাখ ৩৩ হাজার ৩৩২ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় দেখিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৩ লাখ ৫৩ হাজার ৩৯৪ টাকা। এ ছাড়া অন্যান্য উৎস থেকে তার আয় ৬২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা।
অস্থাবর সম্পদের হিসাবে তিনি মোট ৬ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকা দেখিয়েছেন। এর মধ্যে তার হাতে নগদ রয়েছে ১১ লাখ ১৬ হাজার ৫৭ টাকা। বিভিন্ন ব্যাংক হিসাবে জমা আছে ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৬৫৬ টাকা এবং দুটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৯০ লাখ ৯২ হাজার ৬৮৮ টাকা। শেয়ার, বন্ড ও বিভিন্ন কোম্পানির বিনিয়োগে তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে রয়েছে ১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৭৪ টাকা। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪০০ টাকা। তার কোনো ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
স্থাবর সম্পদের ক্ষেত্রে ইশরাক হোসেন মোট ৬৪ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সম্পদের তথ্য দিয়েছেন, যার বর্তমান আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৩১ হাজার ১২৫ টাকা। এর মধ্যে কৃষিজমির মূল্য ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকা এবং অকৃষি জমির মূল্য ৩৪ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা। তবে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টের তথ্য তিনি উল্লেখ করেননি।
সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী ইশরাক হোসেন ১ কোটি ২৯ লাখ টাকার আয়ের বিপরীতে আয়কর দিয়েছেন ৩৭ লাখ ৯২ হাজার ৬৯৮ টাকা। ওই বিবরণীতে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকা।


