নবীন বরণে উৎসবমুখর মাতুয়াইল হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজ

ছবি : সংগৃহীত

আমিন মুনশি

১১ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পিএম

রাজধানীর মাতুয়াইল হাজী আ. লতিফ ভুইয়া বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবং কলেজটির গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হওয়াই শিক্ষার মূল লক্ষ্য।”


এবার পেছানো হলো চাকসু নির্বাচন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–০৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফেরদৌস হোসেন রনি। তিনি বলেন, “দেশের স্বার্থে সৎ, দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচন করা জরুরি। খালেদা জিয়ার মতো মানবিক ও আদর্শবান মানুষ হয়ে দেশকে ভালোবাসতে হবে।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ আবুল বাসার ভুইয়া, আমান উল্লাহ আমান, আবু তাহের মিয়াজি, নিজাম উদ্দিন, সাইফুদ্দিন মিয়া, এম. এ. সিদ্দিক মিয়া, মাজহারুল হক ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. ন. ম. মতিউর রহমান। তিনি বলেন, যাত্রাবাড়ি, ডেমরা ও কদমতলী এলাকার অন্যতম বৃহৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) এবং বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।

আলোচনা পর্ব শেষে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কলেজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।