অবশেষে মনোনয়ন জমা দিলেন আব্দুল্লাহ বাদশা

ছবি : সংগৃহীত

হারুন অর রশিদ দুদু, শেরপুর

১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।


সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট বিলম্বে উপস্থিত হওয়ায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। ওই ঘটনায় মনোনয়ন জমা দিতে না পেরে আবেগাপ্লুত হয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েই কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে মনোনয়নপত্র গ্রহণ না করাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এবি পার্টির এই প্রার্থী।


গত ১২ জানুয়ারি উচ্চ আদালত তার মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমোদন দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।”

মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল্লাহ বাদশা বলেন, “সময়সীমা অতিক্রমের কারণে আমার মনোনয়ন গ্রহণ না করায় আমি আদালতের দ্বারস্থ হই। আদালতের অনুমোদনের ফলে আজ মনোনয়ন জমা দিতে পেরেছি। আগামী এক-দুই দিনের মধ্যে মনোনয়ন বৈধতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবকিছু ঠিক থাকলে ঈগল পাখি প্রতীকে শেরপুর-২ আসন থেকে নির্বাচন করব।”