গুলশানে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে পথচারী নিহত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পিএম

রাজধানীর গুলশান এলাকায় কনকর্ডের নির্মাণাধীন একটি ভবনের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আশফাক চৌধুরী (৪০)। এ সময় ভবনের ওপর থেকে একটি রড পড়ে তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


ঢাকা-আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিহত আশফাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. নাদেরুজ্জামান চৌধুরী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। আশফাক ঢাকার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, মা–বাবা, ভাই–বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আশফাক গুলশান এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎ ভবনের ওপর থেকে নিচে পড়ে আসা রডটি তার মাথায় আঘাত হানলে আশপাশের লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আশফাককে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই শহীদুল ইসলাম জানান, আশফাক স্থানীয় সামাজিক সংগঠন জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। ওই সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকতে তিনি বৃহস্পতিবার রাতের ট্রেনে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, "কিন্তু আমরা তাঁকে জীবিত নিতে পারলাম না, লাশ নিয়েই গ্রামে ফিরতে হচ্ছে।"

ময়নাতদন্ত শেষে আশফাকের মরদেহ আজ শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামে দাফন করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে গুলশানের ১৪০ নম্বর রোডে কনকর্ডের নির্মাণাধীন ভবনে। আশফাকের মৃত্যুর ঘটনায় তার পরিবার, সহকর্মী ও স্থানীয় সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে।