ছেলে এনসিপির প্রার্থী, বাবা কাজ করছেন বিএনপির পক্ষে

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ পিএম

ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে। অথচ বাবা ভোট চাইছেন বিএনপির প্রার্থী ও ধানের শীষ প্রতীকের পক্ষে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনি মাঠে এমনই ব্যতিক্রমী চিত্র দেখা গেছে।


প্রথমবারের মতো সচিবালয়ে ড. ইউনূস

এনসিপির প্রার্থী মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-১ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাবা আজিজুর রহমান একই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায়। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে কমপক্ষে ১৮টি পথসভায় অংশ নেন। এসব পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করে আজিজুর রহমান বলেন, পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনও সুযোগ নেই। এ কারণেই আমি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। এ বিষয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।