চলছে ২৩ হাজার ৮৮১ শিক্ষার্থীর স্বপ্নের লড়াই

ছবি : সংগৃহীত
২৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পিএম
কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল)-এর কেন্দ্রীয় পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে। আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত এই মহাযজ্ঞকে ঘিরে দেশের কওমি অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর ইলমি পরিবেশ।
গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে ডাকসুর কর্মসূচি ঘোষণা
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা শুরু হয়। হাইআতুল উলয়া দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৮৮১ জন। ছাত্র সংখ্যা ১৫ হাজার ২৬৮ জন। ছাত্রী সংখ্যা ৮ হাজার ৬১৩ জন। মোট কেন্দ্র ২৫৯টি।
পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইআতুল উলয়ার পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ২৫৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনার জন্য নেগরান (পরিদর্শক), মাদরাসা ও মারকায কর্তৃপক্ষকে সর্বাত্মক নির্দেশ প্রদান করা হয়েছে।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এবং কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষার সফলতা কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন। স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও উলামায়ে কেরামও শিক্ষার্থীদের এই জ্ঞানার্জনের চূড়ান্ত ধাপে সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন।
বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের সংশ্লিষ্ট সকল স্তরের দায়িত্বশীলদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। দাওরায়ে হাদিসের এই সনদকে সরকারি মান প্রদানের পর থেকে এ পরীক্ষার গুরুত্ব ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সারা দেশের মাদরাসাগুলোতে এখন ব্যস্ততা আর অধ্যবসায়ের আমেজ। ইলমে দ্বীনের এই উচ্চতর ডিগ্রি অর্জনে পরীক্ষার্থীদের একাগ্রতা ও ধৈর্য যেন সার্থক হয়—এটাই এখন সাধারণ মুসলিম সমাজের প্রার্থনা।


