জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবার আশ্বাস নবী উল্লাহ নবীর
ঢাকা-৫

ছবি : আওয়ার বাংলাদেশ
৩০ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পিএম
ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী ৬৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন।
অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুল
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৬৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ভুঁইয়া নান্টু। আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা, ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান পারভেজ, বিএনপি নেতা মনির মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে অংশ নিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। জলাবদ্ধতা, গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট, বেকারত্ব, ভাঙা রাস্তা এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা জনগণের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তরুণ সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানান। নেতাকর্মীরাও ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।


