জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে : হাসনাত

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পিএম

ঋণখেলাপির দায়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা বলে জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল

হাসনাত আবদুল্লাহ বলেন, আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে।


তিনি বলেন, ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না। নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন হাসনাত আবদুল্লাহ। এরপর গত ১৭ জানুয়ারি মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।

প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন।