রাজধানীতে ৪০ খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করার ঘোষণা দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া ইসিবি চত্বর থেকে উত্তরা জসীমউদ্‌দীন পর্যন্ত ৬০ ফুট সড়ক নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।


তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। যে শহরের মানুষ বুকভরে শ্বাস নিতে পারবে। আপনাদের দোয়ায় বিএনপি সরকার গঠন করলে শুধু ঢাকা-১৭ আসনেই নয়, আমরা ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। যাতে আমাদের সন্তানরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। যাতে আমাদের মুরুব্বিরা, মা-বোনরা বিকেলবেলায় মাঠে হাঁটাচলা করতে পারেন।

ঢাকা-১৭ আসনের মানুষের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ইসিবি চত্বর থেকে জসীমউদ্‌দীন পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণের আরেকটি দাবি রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এই সড়ক প্রশস্তকরণের কাজ করব। এ এলাকার মানুষের বসবাসের ও চলাচলের জন্য সব রাস্তার প্রসার করা হবে।

নিরাপদ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে নিরাপদ শহরে রূপান্তর করতে চাই। যে শহরে নারীরা যে কোনো সময় নিরাপদে চলতে পারবে এবং সকলেই নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি-বাকরি করতে পারবে। শহরের মানুষ যাতে বুকভরে শ্বাস নিতে পারে এমন শহর গড়ে তুলতে চাই।

এ সময় তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে স্থানীয় ভোটারদের কাছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

তারেক রহমান বলেন, আজ যেহেতু নির্বাচনি পথসভা তাই বক্তব্য বেশি লম্বা করব না। কারণ এটি একটি পথসভা, মানুষের চলাচলে সমস্যা হবে।

ভোট চেয়ে তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার জন্ম, ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। আমি এবং আমার ভাইয়ের সন্তানরাও এই এলাকাতেই জন্মেছে। এলাকার সন্তান হিসেবে আমি এই এলাকার সবার কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি।