ঢাকার ৩৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বডি-ওর্ন ক্যামেরা থাকবে।


রাজধানীজুড়ে অবৈধ সিসার রমরমা বাণিজ্য

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাজ শুরু করে। ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করছি, তারা যথাযথ ভূমিকা রাখবে। সীমিত সম্পদ ও জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাজ্জাত আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। অবস্থান, ভোটারের সংখ্যা ও নিরাপত্তা পর্যালোচনা করে এগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এক হাজার ৬১৪টি কেন্দ্রে চারজন করে ও সাধারণ ৫১৭টি ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আরও ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি।

তিনি বলেন, একাধিক ভোটকেন্দ্রের জন্য ১৮০টি স্ট্রাইকিং ফোর্স ও ৫১০টি মোবাইল টিম থাকবে। ঢাকা মহানগরীর আটটি ডিভিশনের জন্য আটটি কন্ট্রোলরুম ও চারটি বিশেষ কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। সুবিধাজনক স্থানে বিশেষ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এসব টিম দ্রুত যে কোনো স্থানে যেতে পারবে।

ডিএমপি কমিশনার বলেন, জরুরি পরিস্থিতির জন্য সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ইউনিট ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, এবারের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই কালিমামুক্ত হয়ে জাতিকে সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে তা সফল করতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত রয়েছি।

ডিএমপি কমিশনার বলেন, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে প্রশ্নাতীত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্বপালন করবেন, যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। নগরবাসীর প্রতি অনুরোধ, আপনারা নির্ভয়ে ও নিশ্চিতে ভোটকেন্দ্রে এসে নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার এই মাহেন্দ্রক্ষণে আমরা সবাই অবদান রাখব।