সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পিএম

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিজেদের প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দিচ্ছে দলটি।


জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দলটির বিভিন্ন স্তরের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে সমর্থন জানান। 


তারা জানিয়েছেন, এ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী নেই। তাই নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষে তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন। 

বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের লোকজনকে সারজিস আলমের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে দেখা গেছে। মঈন উদ্দিন নামে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির এক নেতা লিখেছেন, আমাদের প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১ এর জন্য আল্লাহ কবুল ফরমান।