অনলাইনে প্রচার চালাতে বাধা নেই : ইসি সানাউল্লাহ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অনলাইনে প্রচার চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে আচরণবিধি লঙ্ঘিত হবে না বলেও তিনি স্পষ্ট করেন। 


নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে ৭ দাবি

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ইসি সানাউল্লাহ জানান, দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে। বিকেল সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির ভেতরে অবস্থানরত ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।

সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে সশরীরে ভোট গ্রহণ হবে। এর মধ্যে আনুমানিক ৫০ শতাংশ কেন্দ্র সাধারণ এবং বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি। পোস্টাল ভোট হিসেবে এ পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার ব্যালট পৌঁছেছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দায়িত্ব পালন করবেন ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। ভোট পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ৯০ শতাংশের বেশি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পোলিং অফিসার থাকবেন পাঁচ লক্ষাধিক।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল ঘোষণায় তাড়াহুড়া করা হবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকায় গণনায় কিছুটা সময় লাগতে পারে। কালো টাকার ব্যবহার ঠেকাতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে সতর্ক নজর রাখতে বলা হয়েছে। 

তিনি জানান, ভোটের দিন মোট চারবার ব্রিফিং হবে। গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ থাকবে। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা করা হবে এবং অধিকাংশ ফলাফল রাতেই পাওয়া যাবে। গণভোটের ফল দেশব্যাপী মেজরিটির ভিত্তিতে ঘোষণা করা হবে।