নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৬১

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পিএম

নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৮৭৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এই কেন্দ্রগুলোর নিরাপত্তায় সাতটি বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য এবং প্রায় ৩৪ হাজার নির্বাচনী কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১৪টি সাধারণ এবং ২৬১টি অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই সকল কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।


নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে দুই সম্পাদককে

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম।


তিনি বলেন, ‘এখানে সবগুলো আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ছয়টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে। অন্য পাঁচটি আসনে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সেনাবাহিনী ৭শ’ জন, বিজিবি ২শ’ ৫০ জন, পুলিশ ২ হাজার ৬শ’ ৫০ জন, র‍্যাব ১শ’ জন, নৌবাহিনী ২শ’ ৪০ জন, কোস্টগার্ড ১ হাজার ৬৪ জন আনসার ১১ হাজার ৩শ’ ৭৫ জন।

এছাড়া একজন জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৪ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫ হাজার ৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১১ হাজার ২১৮ জন পোলিং কর্মকর্তাসহ মোট ১৭ হাজার ৫৩২ জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ছয় আসনের নয়টি উপজেলায় নির্বাচনের ব্যালটসহ সকল সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বুধবার বিকেলে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হবে। ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার ছয়টি আসনে আটটি পৌরসভা ও ৯১টি ইউনিয়নে মোট ভোটার ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৯৬ হাজার ৩৮০ জন, মহিলা ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৪ জন। জেলায় মোট ৮৭৫টি ভোটকেন্দ্র ও ৫ হাজার ৬০৯টি ভোটকক্ষ রয়েছে।

জেলায় মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে নোয়াখালী-১ আসনে সাতজন, নোয়াখালী-২ আসনে পাঁচজন, নোয়াখালী-৩ আসনে সাতজন, নোয়াখালী-৪ আসনে সাতজন, নোয়াখালী-৫ আসনে ১২ জন ও নোয়াখালী-৬ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।