যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ ইসলামী আন্দোলনের

ছবি : সংগৃহীত
১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পিএম
সংবাদ মাধ্যমের কাছে আরও দায়িত্বশীল আচরণ ও যাচাই না করে কোনো সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান।
শেখ হাসিনার পক্ষে লড়বেন জেডআই খান পান্না
বিবৃতিতে তিনি বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের কর্মীরা টাকা বিতরণ করছে মর্মে একটি ভুয়া সংবাদ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ও ফেসবুক পেজে প্রচারিত হয়। অথচ পুরো ঘটনাটা ছিল সাজানো। স্থানীয় সংবাদকর্মীরা এটি যাচাই করলেই এর সত্যতা বের করতে পারতেন।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা জানি যে কোনো সংবাদ পরিবেশনের আগে উভয়পক্ষের সঙ্গে কথা বলতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সংবাদের ক্ষেত্রে তা করা হয়নি। উপস্থিত যে চিত্র দেখানো হয়েছে তাই লাইভ করা হয়েছে।’
তিনি বিনয়ের সঙ্গে সংবাদমাধ্যম কর্মী ও ব্যবস্থাপকদের অনুরোধ জানিয়ে বলেন, ‘যেন প্রতিটি সংবাদ প্রকাশের আগে যাচাই করা হয়। বিশেষ করে অনলাইনে সংবাদ প্রচারে এই সতর্কতা আরও বেশি জরুরী। কারণ প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যম থেকে ভুল সংবাদ প্রচারিত হলে তা দ্রুত ছড়িয়ে পরে, সমাজে গুজব ছড়িয়ে পরে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো আসনেই ভোট কেনার জন্য টাকা বিতরণ করেনি। এমন নীতি বিরুদ্ধ কাজের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি। ফলে এ সংক্রান্ত যেকোনো গুজবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।’


