দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ঢাকা। বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমানের ভিত্তিতে প্রতিনিয়ত হালনাগাদ করা এই তালিকায় সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে ঢাকার অবস্থান শীর্ষে।


কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বুধবার (৪ মার্চ) আইকিউএয়ারের প্রকাশিত সর্বশেষ লাইভ সিটি র‌্যাকিং অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ২৯৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায় হিসেবে চিহ্নিত।


তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুমান ২৩৭। তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, যার একিউআই ২১৬। চতুর্থ স্থানে চীনের রাজধানী বেইজিং, সেখানে বায়ুমান ১৮৩। পঞ্চম স্থানে ভারতের দিল্লি, যার বায়ুমান ১৭৯।

এ ছাড়া তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে নেপালের কাঠমান্ডু (১৭৪), চীনের উহান (১৭০), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৬৯), থাইল্যান্ডের চিয়াং মাই (১৬১) ও মঙ্গোলিয়ার উলানবাটার (১৫১)।

বায়ুমানের মাত্রা ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ এর মধ্যে থাকলে ‘সহনীয়’, ১০১-১৫০ হলে ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ও ৩০১ এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

ঢাকার ২৯৫ স্কোর নির্দেশ করছে যে শহরের বাতাস সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য পরিস্থিতি বিপজ্জনক।

পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষণমাত্রা দীর্ঘসময় স্থায়ী হলে হাঁপানি, শ্বাসকষ্ট, ফুসফুস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং জানালা-দরজা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকা জরুরি।

পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার নির্গমন ও আশপাশের অঞ্চলের দূষণ ঢাকার বায়ুমানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। কার্যকর ও সমন্বিত উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি কঠিন।