লম্বা ছুটিতে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
০৮ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
রমজান মাসে জনভোগান্তি কমানো ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলা মাধ্যমের পর এবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সোমবার (৯ মার্চ) থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বিদেশি কারিকুলামে পরিচালিত এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ছুটি শেষে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধের পর আগামী ২৯ মার্চ থেকে আবার শ্রেণি কার্যক্রম শুরু হবে। এতে করে ইংরেজিমাধ্যম স্কুলগুলোতে টানা প্রায় ২০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
রোববার (৮ মার্চ) শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংরেজিমাধ্যম স্কুলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে জনভোগান্তি কমানো এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদেশি কারিকুলামে পরিচালিত সব স্কুলে সোমবার থেকে ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগে থেকে নির্ধারিত কোনো আবশ্যিক পরীক্ষা থাকলে তা নির্ধারিত সময় অনুযায়ী নেওয়া যাবে বলে জানানো হয়েছে।
একই সময়ের মধ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি থেকেই বাংলা মাধ্যমের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ছুটি ঘোষণা করে সরকার। ঈদসহ বিভিন্ন ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানও আগামী ২৯ মার্চ থেকে পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে।


