৭৬ কোটি খরচের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক

নিউজ ডেস্ক

০৫ মে ২০২৬, ১২:৫৭ পিএম

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর ও সারা দেশের পুলিশের শার্টের রং অপরিবর্তিত থাকলেও সবার প্যান্ট হবে খাকি। সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।


ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ইউনিফর্ম নিয়ে সন্তুষ্টি নেই। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে ঐতিহ্যবাহী রঙের অংশ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগর পুলিশের সদস্যরা আগের মতো হালকা জলপাই (লাইট অলিভ) রঙের শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন। আর জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।


এই ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রস্তুতির বিষয় আছে, তাই ধাপে ধাপে নতুন পোশাক দেওয়া হবে।

ঐতিহাসিকভাবে ‘খাকি’ রঙ ব্রিটিশ সেনাবাহিনীর পোশাক থেকে এ অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীতে প্রচলিত হয়। ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনে খাকির ব্যবহার কমানো হয়। পরবর্তীতে বিভিন্ন সময় পোশাকে পরিবর্তন এলেও প্রায় দুই দশক পর আবার খাকি ফিরছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের ইউনিফর্ম পরিবর্তনে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন করে ইউনিফর্মে খরচ কতটা যৌক্তিক, তা নিয়ে আলোচনা রয়েছে।