৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে : সেতুমন্ত্রী

ছবি : সংগৃহীত
১১ মে ২০২৬, ০৩:২৪ পিএম
বিপুল বৈদেশিক ঋণ, অর্থ পাচার ও অসমাপ্ত মেগা প্রকল্পের চাপ নিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২
সেতুমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একই সঙ্গে ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। সেই কঠিন বাস্তবতার মধ্য দিয়েই এখন রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ১৬টি মেগা প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক কাজ শেষ হয়নি। কোথাও ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছে, কোথাও প্রকল্প বন্ধ হয়ে আছে। ফলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হয়েছে।
বিদেশি দাতা সংস্থাগুলোর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের কারণে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর মধ্যেও আস্থার সংকট তৈরি হয়েছে। আগে যারা বড় বড় প্রকল্পে সহযোগিতা করত, তারাও এখন অনীহা প্রকাশ করছে।
অনুষ্ঠানে সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


