রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
২১ মে ২০২৬, ০৯:৪৫ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা পরিষদে আসছে আরও নতুন মুখ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে।’
তিনি আরও বলেন, ‘মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রো-অ্যাকটিভ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার গঠনের পর এ জাতীয় ক্রাইম (ধর্ষণ-হত্যাকাণ্ড) যা হয়েছে, সবগুলোতেই পুলিশ কাজ করেছে। দ্রুত সময়ের আসামিদের মধ্যে গ্রেপ্তার করেছে।’
বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক সময় বিলম্ব হয়, বিচার আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার, সবই চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘অনেক কিছুই করার বাকি রয়েছে, মানি। কিন্তু সরকারের সময় মাত্র তিন মাস। সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। আইন সংস্কার চলমান প্রক্রিয়া। কিছু কিছু সংশোধন আনতে হবে। খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অবিচার করা হচ্ছে কিনা, তাও দেখতে হবে।’


