৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার প্রমাণ মিলেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ০৫:০৯ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ছাত্র সংসদ নির্বাচনগুলোর প্রতি সেনাবাহিনীর শুভকামনা

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।


তিনি জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল এবং বৃহস্পতিবার বিকেল ৩টায় সেই প্রতিবেদন হাতে পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, হাসপাতালটির ভবন ও অবকাঠামো একটি পূর্ণাঙ্গ হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয় বলে কমিটি মত দিয়েছে। বিশেষ করে, পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শনে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে কক্ষটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং পর্যাপ্ত স্বাভাবিক বায়ু চলাচলের ব্যবস্থাও ছিল না। ফলে কক্ষে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বে থাকা সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলে। তাদের বক্তব্য ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কমিটি সেবিকাদের দায়িত্ব পালনে চরম অবহেলা এবং প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতির প্রমাণ পেয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”