বিদ্যুতের দাম বাড়লেও বাজারে খুব প্রভাব পড়বে না

০৬ জুন ২০২৬, ১১:৪৪ এএম
বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কেউ অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন : সেনাপ্রধান
শনিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাজেট ঘোষণার আগে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে জাহেদ উর রহমান বলেন, ভর্তুকির চাপ কমাতে সরকারকে কোনো না কোনো পর্যায়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তিনি উল্লেখ করেন, বর্তমানে কাঁচাবাজার ও সবজির দাম আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং মূল্যস্ফীতির প্রবণতায় ইতিবাচক পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।
তিনি বলেন, সরকারকে শুধু ভর্তুকি নয়; স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্যও ব্যয় সংস্থান করতে হয়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে, যার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করাও জরুরি।
জাহেদ উর রহমান আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যাতে নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি এবং অনেকেই সরকারি ভাতা পাওয়ার আওতায় আসবেন।
তিনি জানান, আসন্ন বাজেটে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন। পাশাপাশি টিসিবির কার্যক্রমসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিও অব্যাহত থাকবে। ফলে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে তিনি স্পষ্ট করে বলেন, মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে যদি কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায়, তাহলে সরকার তা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
“এর অর্থ এই নয় যে বাজারে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হলে সরকার চুপ করে থাকবে। এ ধরনের পরিস্থিতিতে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে,” যোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


