সোহেল-স্বপ্নার আইনজীবীও ফাঁসির রায়ে সন্তুষ্ট

ছবি : সংগৃহীত
০৭ জুন ২০২৬, ০৮:৫২ পিএম
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ। রোববার (৭ জুন) বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।
মতলবে হামলার অভিযোগ নিয়ে বিতর্ক : এলাকাবাসীর গণস্বাক্ষর
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনজীবী মুসা কালিমুল্যাহ বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। কারণ, আসামি নিজেই দোষ স্বীকার করেছে এবং সে সাফাই সাক্ষী দেয়নি। এজন্য সে অপরাধী। অপরাধীর ন্যায়বিচার হয়েছে বলে মনে করি।
অপরদিকে রামিসা হত্যার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের পিপি আজিজুর রহমান দুলু। তিনি বলেন, আমরা আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট।
এর আগে, এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


