দুই সন্তানের নামে নতুন ২ ইউনিয়ন: সংসদে সমালোচনা, কি ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী?

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর নির্বাচনী এলাকা বগুড়ায় নবগঠিত দুইটি ইউনিয়নের নাম তাঁর দুই সন্তানের নামের সঙ্গে মিল থাকায় সংসদে ব্যাপক সমালোচনা হয়েছে।


১০৮ মেয়ের ‘বাবা’ রুবেল!

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়, নবগঠিত দুই ইউনিয়ন ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামকরণ প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সঙ্গে সম্পর্কিত।


বগুড়া-২ আসনের এই সংসদ সদস্যের দুই সন্তানের নাম যথাক্রমে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্ত। এর সঙ্গে নবগঠিত ইউনিয়নের নাম মিল থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

সংসদে বিরোধী এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা আইনগতভাবে নিষিদ্ধ হলেও বাস্তবে তা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

তবে প্রতিমন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়নগুলোর নাম স্থানীয় প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির মাধ্যমে জেলা প্রশাসক নির্ধারণ করেছেন।

তিনি দাবি করেন, ‘সীমান্ত’ নামটি সীমান্তবর্তী এলাকার অবস্থান বিবেচনায় রাখা হয়েছে এবং ‘দিগন্ত’ নামটি ভৌগোলিক অবস্থানের কারণে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নামগুলো তাঁর সন্তানের সঙ্গে মিলে যাওয়া সম্পূর্ণ কাকতালীয় এবং এটিকে ‘অলৌকিক মিল’ বলে মন্তব্য করেন।

সরকারি দলের এমপিরা এ সময় নাম টেবিল চাপড়ে সমর্থন জানান প্রতিমন্ত্রীকে। মীর শাহে আলম তখন বলেছেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড, ওটা আমার ব্যাংক। উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। উনি যে দয়া করে বলেননি গুলশান ১-এ যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার।’ তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দিগন্ত এবং সীমান্ত নামের এলাকা স্থাপনার তালিকা তুলে ধরেন সংসদে।

গেজেট অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে গঠিত সীমান্ত ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। দেউলী ইউনিয়নে ৮টি মৌজা নিয়ে গঠিত দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

বগুড়া
মীর শাহে আলম
সীমান্ত ইউনিয়ন