টেকনাফে কালেমা লেখা সাদা পতাকা ঘিরে আলোচনা-কৌতূহল

ছবি : সংগৃহীত

সাজ্জাদ হোসেন, কক্সবাজার প্রতিনিধি

২৮ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় রাস্তার দুই পাশে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে। শনিবার (২৭ জুন) বিকেলে শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও নাফ নদীর জেটিঘাট এলাকায় সারি সারি এসব পতাকা দেখা যায়।


পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাপড়ুয়া একদল যুবক শাহপরীর দ্বীপের বিভিন্ন সড়ক ও জেটিঘাট এলাকায় কালেমা লেখা সাদা পতাকা টাঙান। পরে তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কার্যক্রমের ছবি ও ভিডিও প্রকাশ করেন।


স্থানীয় এক যুবক তার ফেসবুক আইডিতে পতাকা টাঙানোর ভিডিও শেয়ার করে লিখেছেন, এ পর্যন্ত কোনো ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে এত সুন্দর কলেমার পতাকা। এসব আয়োজন করেছে টেকনাফ শাহপরীর দ্বীপের ‘আল হিদায়া ছাত্র সংগঠন’। এ দৃশ্য দেখে মনটা ভরে গেল।

‘আল হিদায়া ছাত্র সংগঠন’ ও ‘বিউটি অব শাহপরীর দ্বীপ’ নামের দুটি ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক শরীরে কালেমা লেখা সাদা পতাকা জড়িয়ে এবং হাতে একই ধরনের পতাকা নিয়ে শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তারা এসব পতাকা প্রদর্শন ও উত্তোলন করেন। তবে সংগঠনের দাবি, শনিবার সকালে সড়কের বিভিন্ন স্থানে টাঙানো বেশ কয়েকটি পতাকা কে বা কারা সরিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘আল হিদায়া ছাত্র সংগঠন’-এর কর্মীরা। প্রতিবাদ হিসেবে সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবিতে কালেমা লেখা পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা জানান , সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে বিপুল সংখ্যক কালেমা লেখা সাদা পতাকা উত্তোলনের ঘটনায় জনমনে কৌতূহলের পাশাপাশি নানা প্রশ্নও তৈরি হয়েছে। ফলে বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশাআতুল ইসলাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আনসারুল হক বলেন, “আল হিদায়া ছাত্র সংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কলেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে জানতে পেরে আমি গিয়ে কিছু পতাকা নামিয়ে ফেলি।

আল হিদায়া ছাত্র সংগঠন এর উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, দেশের বিভিন্ন স্থানে কলেমা লেখা পতাকা উত্তোলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও আমরা এসব পতাকা উত্তোলন করেছি। ইসলামকে ভালোবেসেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই।

তিনি অভিযোগ করেন, কিছু পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আরও পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি। তবে কেন এ ধরনের পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকের আহমেদ বলেন, হঠাৎ করে বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। বিষয়টি নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। তাই এর উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মন্নান বলেন, আমার ইউনিয়নের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব পতাকা উত্তোলন করেছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ইসলামকে ভালোবেসে কয়েকজন যুবক এসব পতাকা টাঙিয়েছেন বলে জানতে পেরেছি। আমরা তাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।