নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রার্থীর বাসায় কাফনের কাপড়

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে।


জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব

রবিবার সকালে উখিয়ায় একটি মতবিনিময় সভায় বিষয়টি জানান উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। 


সোলতান মাহমুদ চৌধুরী জানান, একটি চিঠির মাধ্যমে শাহজাহান চৌধুরীকে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে শরীফ ওসমান হাদির মতো হত্যার কথাও বলা হয়েছে। চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।