ঢাকা-৫ আসনে বিএনপির গণসংযোগ
জলাবদ্ধতা নিরসন ও পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি নবী উল্লাহ নবীর

ছবি : সংগৃহীত
২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবী উল্লাহ নবী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।
বিএনপির বিজয়ে হেফাজতের শুভেচ্ছা
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের মাতুয়াইল এলাকার মুজাহিদ নগর, হাবিব নগর ও তুষারধারা এলাকায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে নবী উল্লাহ নবী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের ভোটে সরকার গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরে পাবে। তিনি বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। জনগণের অধিকার রক্ষা এবং জনস্বার্থ সংরক্ষণই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
ঢাকা-৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় বহু উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত ও অবহেলিত অবস্থায় রয়েছে, যার ফলে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। নির্বাচিত হলে এসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ও পরিকল্পিতভাবে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
ডেমরা এলাকার অন্যতম বড় সমস্যা হিসেবে জলাবদ্ধতার কথা উল্লেখ করে নবী উল্লাহ নবী বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায় এবং জনজীবন স্থবির হয়ে পড়ে। এই সমস্যা স্থায়ীভাবে নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং সমন্বিত পানি নিষ্কাশন পরিকল্পনা গ্রহণ করা হবে।
এ সময় তিনি একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল, শিশুদের জন্য আধুনিক শিশু পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার এবং নারীদের উচ্চশিক্ষার জন্য একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা।


