আইডি হ্যাকের দাবি রহস্যজনক : রিজভী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পিএম

জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি অল্প সময়ের জন্য হ্যাক হওয়ার দাবি রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অল্প সময়ের জন্য কীভাবে একটি আইডি হ্যাক হয়, সেটাই প্রশ্নের বিষয়।’


জামায়াত সম্পর্কে সতর্ক করলেন তারেক রহমান

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীদের বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না। নারীদের নিয়ে এমন বক্তব্য তাদের প্রতি সরাসরি অবমাননার শামিল। আপনাদের আচরণ দেখেই বোঝা যায়, ভবিষ্যতে নারীদের প্রতি আপনারা কী ধরনের আচরণ করতে পারেন।

ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নারীরা সংসদ সদস্য হতে পারবেন, কিন্তু দলীয় প্রধান হতে পারবেন না—এ ধরনের মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক।

জামায়াতে ইসলামী গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীর অধিকার আরও সংকুচিত হবে। কোথাও কোথাও ধর্মীয় রাজনীতির জঘন্য রূপ আমরা দেখতে পাচ্ছি। জান্নাতের কার্ড শেষ হয়ে যাওয়ায় এখন নারীদের নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোয় মব-সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে দাবি করে রিজভী বলেন, একটি দেশ নারীদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তাদের আচরণ দেখলে মনে হয়, ক্ষমতায় এলে তারাও একই কাজ করবে।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, প্রচার সম্পাদক তাহমিনা আফরিন নীতা এবং সংগঠনের অন্য কেন্দ্রীয় নেতারা।