হান্নান মাসউদকে ১০ লাখ টাকা দিলেন বন্ধুরা

ছবি : সংগৃহীত
০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পিএম
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের সঙ্গে মতবিনিময় করেছেন তার এসএসসি ২০১৭ ব্যাচের বন্ধুরা। এ সময় তার নির্বাচনি ব্যয়ের জন্য বন্ধুরা তাকে ১০ লাখ টাকা উপহার হিসেবে অনুদান দেন।
তারেক রহমান, বাবরসহ সব আসামি আপিলেও খালাস
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার আম্বিয়া কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা শেষে উপহারের চেক তুলে দেন তার বন্ধুরা।
আবদুল হান্নান মাসউদ বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে স্বপ্নের হাতিয়ায় শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ৫ আগস্টের পর যে উন্নয়ন হয়েছে তা বিগত ১৭ বছরের হয়নি। এর আগেও হয়নি।
২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহি হৃদয় বলেন, আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে। এই বিশ্বাস থেকেই আমরা তরুণরা তার পাশে দাঁড়িয়েছি। স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আস্থার জায়গা থেকেই এই সহযোগিতা করা হয়েছে। আমাদের এই সহায়তা হাতিয়ার উন্নয়নে একটি বিনিয়োগ।
অনুষ্ঠানে ২০১৭ সালে এসএসসি ব্যাচের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২০১৭ ব্যাচের পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের বন্ধু ও সহপাঠীরা নিজের অর্থায়নে নির্বাচনি প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এই ১০ লাখ টাকার একটি চেক তার হাতে তুলে দেন।


