নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পিএম

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পরীবাগ মসজিদ সংলগ্ন ২১নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে।


শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ জব্দ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম হামলার তথ্যটি নিশ্চিত করেছেন।


হামলায় আহত ভুক্তভোগীদের অভিযোগ, পরীবাগ মসজিদ সংলগ্ন ২১নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে দুপুর ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত আসে। এ সময় তারা বলতে থাকে, ‘তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দিবো, কখনও অফিস করতে পারবি না। অফিস জ্বালিয়ে দেওয়া হবে।’ উচ্চবাক্যে এসব কথা বলা শেষে নির্বাচনি ক্যাম্পে থাকা নেতাকর্মীদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পাশাপাশি তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এসময় জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ করলে তারা কিছুক্ষণ ধস্তাধস্তি করে পালিয়ে যায়।

এদিকে হামলার ঘটনায় জামায়াতের ৪ জন কর্মী আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত সুমন নামের কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানা পশ্চিম জামায়াতে ইসলামীর সেক্রেটারি লোকমান হোসাইন বলেন, হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এ ধরনের হামলায় ভীত নই। সাধারণ জনগণের উদ্দেশ্যে বলব, শহীদ ওসমান হাদীর এই আসনের জনগণ সকল প্রকার জুলুম নির্যাতন ও হামলার প্রতিবাদ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটে দিবেন। গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোট, সুশাসনের পক্ষে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলিতে ভোট দিবেন।

হামলার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। খোঁজ-খবর নিয়ে জানাচ্ছি।’

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে একই ক্যাম্পের সামনে মির্জা আব্বাসের কর্মীরা এসে স্লোগান দেয়। পাশাপাশি তারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।