১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ১১টি রাজনৈতিক দল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশ করবে তারা।


পিনাকী-ইলিয়াসদের প্রতি কৃতজ্ঞ জাতীয় নাগরিক কমিটি

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। বৈঠকের পর এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, মোট ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে, যেখানে আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হক, খুলনায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার ও ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন বিভিন্ন অভিযোগের বিষয়ে জানানো হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক কার্যক্রম চোখে পড়েছে। আবার ভোট গণনাসহ নানা ধরনের ত্রুটিপূর্ণ ঘটনা ঘটেছে।

বিগত সরকারের আমলের মতো প্রহসনের নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি।