আ’লীগের সাবেক এমপিসহ তিন নেতার জামিন

ছবি : সংগৃহীত
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ এএম
বরিশাল সদর আসনের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনও জামিন লাভ করেছেন।
জিয়াবাদ-মুজিববাদ বাংলাদেশে চলবে না!
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এই আদেশ দেন।
বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির জানান, জেবুন্নেছা আফরোজসহ তিনজনের পক্ষে আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তবে জামিনের শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকায় নিজ বাসা থেকে জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেফতার দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব মামলার মধ্যে রয়েছে নাশকতা, সহিংসতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ।
জসিম উদ্দিন ও মাহমুদুল হক খান মামুনের বিরুদ্ধেও পৃথক একাধিক মামলা রয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের করা এসব মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।


