তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে : ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন, সে জন্য ইসলামের শত্রুরা নানামুখী ষড়যন্ত্র করছে।’ বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


দুই দিনে ঢাকার ১৪টি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান

ধর্মমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন আলেম-ওলামাদের পক্ষে কাজ করেছেন, তেমনি তারেক রহমানও ধর্মীয় শিক্ষার প্রসার ও আলেম সমাজের কল্যাণে ভূমিকা রাখছেন।’


তিনি বলেন, ‘সরকারের কাজে বাধাগ্রস্ত করতেই এমন ষড়যন্ত্র। যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।’

তিনি নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন, ‘আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবেন, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কুরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।’

ধর্মমন্ত্রী আরও জানান, দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমী মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমী মাদরাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।