শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন অনিয়ম ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমাদের প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করা হবে।


শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।