তিন বছর পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো গ্রস রিজার্ভ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পিএম

তিন বছর পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দেশের রিজার্ভ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে। এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে যায় রিজার্ভ।


ফ্যামিলি কার্ড পেতে যা যা লাগবে

সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। ৩৮ মাস আগে তথা ২০২২ সালের ৩০ নভেম্বর যা ছিল প্রায় ২৫ বিলিয়ন ডলার।


ডলারের দাম স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে বেশ কয়েক দফায় ৪ দশমিক ৭২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আজ (সোমবার) ১৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০৯ মিলিয়ন ডলার কেনা হয়েছে। বাজার থেকে তুলে নেয়া এসব ডলার যুক্ত হচ্ছে রিজার্ভে। এছাড়া গেল দেড় বছর ধরেই প্রতি মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসছে দেশে। গেল জানুয়ারি মাসেও দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে দেশে।

এছাড়া রপ্তানি আয়েরও ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। জানুয়ারিতে প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলারের রপ্তানি আয় পেয়েছে বাংলাদেশ। রেমিট্যান্স, রপ্তানি আয় ও বাজার থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বাড়ছে।